বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মরদেহ আসছে। শনিবার সকাল সাড়ে সাতটায় জেট এয়ারওয়েজের একটি ফাইটে কলকাতা থেকে মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন মরহুমের স্বজনরা।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পটলের মরদেহ নিয়ে যাওয়া হবে রাজধানীর বনশ্রী আবাসিক এলাকার ‘এফ’ ব্লকের এক নম্বর সড়কের ২ নম্বর বাসায়। বাদ জোহর বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা হবে। আর বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দণি প্লাজায় সাবেক এই সংসদ সদস্যের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর মরহুমের মরদেহ সড়ক পথে নিয়ে যাওয়া হবে নিজ জেলা নাটোরে। সেখানে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
বৃহস্পতিবার রাতে কলকাতা রবীন্দ্রসদন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলুর রহমান পটল। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপি সরকারের আমলে যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী ছাড়াও ছিলেন যোগাযোগ প্রতিমন্ত্রী। তার মৃত্যুতে খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন।
