ফিজিকে অলিম্পিক ইতিহাসের প্রথম স্বর্ণ পদক এনে দিয়েছে ছেলেদের রাগবি সেভেন দল। রিও অলিম্পিকের ষষ্ঠ দিনে ফাইনালে যুক্তরাজ্যকে ৪৩-৭ ব্যবধানে হারায় প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটি। অলিম্পিকের নতুন ক্রীড়া রাগবি সেভেনের মেয়েদের ইভেন্টের স্বর্ণ জিতেছিল অস্ট্রেলিয়া। প্রতিবেশী নিউ জিল্যান্ডকে ২৪-১৭ পয়েন্টে হারিয়েছে তারা।
রাগবি শেষবার অলিম্পিকে ছিল ১৯২৪ সালে প্যারিস আসরে। রিও অলিম্পিকেই রাগবির সংপ্তি ও দ্রুততর সংস্করণ রাগবি সেভেনের যাত্রা শুরু। দুই অর্ধে সাত মিনিট করে মাত্র ১৪ মিনিটের ম্যাচ। প্রতি দলে থাকে সাত জন করে খেলোয়াড়।
