স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'দেশে আইএস নামে কোন জঙ্গি সংগঠন নেই।'
তিনি শুক্রবার সন্ধ্যায় ঢাকার সাভার উপজেলা সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যদানকালে এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, 'দেশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আমরা ঘুরে দেখেছি, আইএস'র কোন অস্তিত্ব নেই। রাজধানীর গুলশান ও শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে যে জঙ্গি হামলা করে বিদেশীদের হত্যার ঘটনা ঘটেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তা সাহসিকতার সাথে মোকাবেলা করেছে।'
দেশে কোন আইএস নাই। যারা এসব ঘটনা ঘটিয়েছে তারা এদেশীয় ইসলাম বিরোধী সন্ত্রাসী উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'তারা জেএমবি, হুজি, আনছার উল্লাহ বাংলাটিম। এদেরকে কঠোর হাতে দমন করার উদ্যোগ নিয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার।'
সাভার পৌর মেয়র হাজী আব্দুল গণির সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা প্রমুখ।
ইত্তেফাক/এসএস
