উইমেনস’ ম্যারাথনে প্রথম সেনাবাহিনীর সুমি

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২২:০২
ঢাকা উইমেনস’ ম্যারাথনে প্রথম হলেন সেনাবাহিনীর সুমি আক্তার। শুক্রবার ঢাকায় প্রথমবারের মত আয়োজিত ম্যারাথনে তিনি নির্ধারিত ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় নিয়েছেন ৪৮ মিনিট ২২ সেকেন্ড। ৪৫মি. ২৫সে. সময় নিয়ে বাংলাদেশ নৌ বাহিনীর মেরুনা খাতুন দ্বিতীয় এবং ৪৮মি. ৩৫ সে. সময় নিয়ে তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর স্মৃতি আকতার। 
 
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের পরিচালনায় আয়োজিত ম্যারাথনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শুরু হয়ে শাহবাগ, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, আজিমপুর, পলাশী, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, জাতীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ, ঢাকা অফিসার্স কাব, হলি ফ্যামিলি, হোটেল রূপসী বাংলা, হয়ে ফের শাহবাগ হয়ে টিএসসিতে এসে শেষ হয়। প্রতিযোগিতায় মোট ২৮৯ জন অংশ নেন এবং শেষ করেন ২০৩জন দৌঁড়বিদ।
 
সকাল ৯টায় টিএসসিতে ম্যারাথনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশেনের সাধারন সম্পাদক মো: ইব্রাহিম চেঙ্গিস, এভাস্টে জয়ী মুসা ইব্রাহিম প্রমুখ।
 
ম্যারাথনে প্রথম তিন জনকে ট্রফি, প্রথম পাঁচ জনকে নগদ অর্থ, প্রথম ১০০ জনকে পদক দেয়া হয়। এছাড়া ম্যারাথন সম্পন্নকারী সবাইকে সনদ প্রদান করা হয়।