ভিডিও কনফারেন্সে 'উন্নয়ন' কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১১:০৭
 
ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, পায়রা বন্দরের বহিঃনোঙ্গর থেকে পণ্য খালাসের মাধ্যমে অপারেশনাল কার্যক্রমের উদ্বোধনসহ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে গণভবন থেকে এই উদ্বোধন করবেন তিনি।
 
প্রধানমন্ত্রীর প্রেস উইং-এর তথ্য অনুযায়ী উদ্বোধন হতে যাওয়া উন্নয়ন কাজের মধ্যে রয়েছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন ৬ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্নের উদ্বোধন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন শীর্ষক প্রকল্পের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা।
 
পায়রা বন্দরের বহিঃনোঙ্গর থেকে পণ্য খালাসের মাধ্যমে অপারেশনাল কার্যক্রমের উদ্বোধন। যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে (ইকুরিয়া-বাবুবাজার লিংকসহ) মাওয়া এবং পাঁচ্চর-ভাংগ মহাসড়ক উভয়দিকে ধীরগতির যানবাহনের জন্য পৃথক সার্ভিস লেনসহ ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প (পদ্মা সেতু লিংক রোড) এর নির্মাণ কাজের উদ্বোধন। এবং আট লেনে উন্নীত যাত্রাবাড়ী-কাঁচপুর মহাসড়কের উদ্বোধন।