হাসনাত-তাহমিদ আবারো রিমান্ডে

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৭:২৪
 
গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমকে আট দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শনিবার ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হক এ আদেশ দেন।
 
এদিকে একই ঘটনায় ৫৪ ধারায় গ্রেফতার কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে আবারো ছয় দিনের রিমান্ডে নেয়া হবে। ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এই রিমান্ড মঞ্জুর করেন। তবে তাকে গুলশান হত‌্যাকাণ্ডের মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে না।
 
গুলশানে হামলার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হাসনাত করিম ও তাহমিদকে গ্রেফতারের কথা ৩ আগস্ট জানায় পুলিশ। পরে তাঁদের আট দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে আজ ফের তাঁদের রিমান্ডে চায় পুলিশ।
 
হলি আর্টিজান বেকারি থেকে উদ্ধার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষককে সন্দেহের কথা জানালেও এক মাস পর তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখায় পুলিশ। তারপর তাকে হেফাজতে নিয়ে আট দিন জিজ্ঞাসাবাদের পর ওই ক‌্যাফেতে জঙ্গি হামলা চালিয়ে হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার দেখানোর কথা জানান পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
 
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক হুমায়ুন কবির হাসনাতকে ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিলেন। হাসনাতের সঙ্গে উদ্ধার কানাডার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাহমিদ হাসিব খানকেও ৫৪ ধারায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন‌্য হেফাজতে নেয়া হয়েছিল।

ইত্তেফাক/এএম।