দুই তৌহিদের জোড়া গোল, মোহামেডান-মু্ক্তিযোদ্ধা ম্যাচ ড্র

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৯:০১
এগিয়ে গিয়েও পারলো না মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার ময়মনসিংহের রফিকউদ্দীন ভুইয়া স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে ২-২ গোলে ড্র করে সাদাকালোরা। ঢাকা মোহামেডানের তৌহিদুল আলম সবুজ ও মুক্তিযোদ্ধার তৌহিদুল আলম দুজনেই করেন জোড়া গোল। আর ময়মনসিংহবাসী দেখে সুন্দর ফুটবল।
 
সবুজ শুরুতে গোল করে মোহামেডানকে এগিয়ে দিয়েছিলেন।  পরে দুটি গোল করে মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন তৌহিদ। নিজের দ্বিতীয় গোল করে দলের হার এড়ান সবুজ।
 
এ ড্রয়ে ৫ খেলায় মুক্তিযোদ্ধার পয়েন্ট নয়। তারা এখন শেখ জামালের সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষে। পাঁচ খেলায় মোহামেডানের পয়েন্ট চার। তারা আছে অষ্টম স্থানে।
 
মোহামেডান খেলার শুরুতে মুক্তিযোদ্ধার অলআউট আক্রমণে কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়লেও মাঝে মধ্যেই পাল্টা আক্রমণে ঢুঁ মারতে থাকে প্রতিপক্ষ শিবিরে। এ রকমই একটা পাল্টা আক্রমণে খেলার প্রথম গোলটি পেয়ে যায় মোহামেডান। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে যান ফরোয়ার্ড আমিনুর রহমান সজিব। তিনি একটি থ্রু পাস দেন বাম প্রান্ত থেকে ওভারল্যাপ করা বিপলু আহমেদকে। বিপুল কোনাকনি শট নেন। মুক্তিযোদ্ধা গোলরক্ষক মামুন খান বল ঝাঁপিয়ে পড়ে রুখলেও বল গ্রিপে নিতে পারেননি। ফাঁকায় দাঁড়ানো তৌহিদুল আলম সবুজ বলটি ঠেলে দেন পোস্টে।
 
গোল হজম করার পর ৩৫ মিনিটে সমতা আনার কাছাকাছি এসেছিল মুক্তিযোদ্ধা। বক্সের ওপর থেকে বাঁকানো ফ্রি-কিক করেছিলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড আহমেদ কোলো মুসা। বল বাঁক খেযে পোস্টে ঢুকার মুহূর্তে ডাইভ দিয়ে বল পাঞ্চ করে দলকে বাঁচান মোহামেডান গোলরক্ষক সাইফুল ইসলাম।
 
মুক্তিযোদ্ধা সমতায় ফেরে ৫৬ মিনিটে। মাঝমাঠ থেকে জোরালো গ্রাউন্ডার নিয়েছিলেন আহমেদ কোলো মুসা। বক্সের মধ্যে তা রিসিভ করে প্লেস করেন তৌহিদুল আলম। সাইড পেস্টে আঘাত করে বল আশ্রয় নেয় পোস্টের ভেতরে।
 
৭২ মিনিটে ম্যাচে চালকের আসনে বসেছিল মুক্তিযোদ্ধা। ডান প্রান্ত থেকে একটি ক্রস করেছিলেন ডিফেন্ডার মানিক। ছোট বক্সের ওপর থেকে হেডে বল জালে জড়িয়ে দেন তৌহিদুল আলম।
 
তবে মুক্তিযোদ্ধার হাসি স্থায়ী ছিল মাত্র তিন মিনিট। ডিফেন্ডার মানিক এবার পরিণত হন ভিলেনে। আব্দুল মালেকের একটি ক্রস ঠেকাতে তিনি স্লাইড করেছিলেন। কিন্ত বল তার হাতে লাগলে পেনাল্টি পায় মোহামেডান। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি তৌহিদুল আলম সবুজ।
আর কোনো গোল না হওয়ায় ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।