বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এবারের জাতীয় শোক দিবসের শপথ হবে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করা। দেশের উন্নয়নের চাকা এগিয়ে নিতে হলে জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে।
শনিবার নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্বপরিবারে হত্যার মধ্যদিয়ে স্বাধীনতাবিরোধী চক্র এদেশ থেকে আওয়ামী লীগকে নিঃশেষ করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজ সুসংগঠিত। শেখ হাসিনা ক্ষমাতায় এসে বঙ্গবন্ধুর খুনিদের বিচার কাজ সম্পন্ন করে তা কার্যকর করছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এমপি ও পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্ল্যাহ আল ইসলাম জ্যাকব। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি।
নোয়াখালী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।
ইত্তেফাক/ইউবি
