রিও অলিম্পিকের তৃতীয় রাউন্ডে আবারো পিছিয়ে সিদ্দিকুর

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ০৮:৪৭
 
রিও ডি জেনিরো অলিম্পিকে গলফের তৃতীয় রাউন্ড শেষে আবারো পিছিয়ে পড়েছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। এই রাউন্ডে পারের চেয়ে চার শট বেশি খেলেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে সাত শট বেশি খেলে  ৫৫তম স্থানে আছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
 
দ্বিতীয় রাউন্ড শেষে তিন জনের সঙ্গে যৌথভাবে ৪৬তম স্থানে ছিলেন সিদ্দিকুর।
 
রিও গেমসের অষ্টম দিনে বাংলাদেশ সময় শনিবার তৃতীয় রাউন্ডে চারটি বোগি করেন সিদ্দিকুর। বোগি দিয়ে দিন শুরুর পর টানা আট হোলে পারের সমান শট খেলেন ৩১ বছর বয়সী এই গলফার।
 
১০ নম্বর হোলে বোগি করে বিরতির পরের খেলা শুরু করেন সিদ্দিকুর। শেষ নয় হোলের খেলায় মোট তিন বোগি করেন।
 
তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ১২ শট কম খেলে শীর্ষে আছেন যুক্তরাজ্যের জাস্টিন রোজ।
 
দেশের প্রথম গলফার হিসেবে এশিয়ান ট্যুরের শিরোপা জেতা ও বিশ্বকাপে খেলা সিদ্দিকুর বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকাও ছিল তার হাতে।
 
ইত্তেফাক/আরএ