শেষ হল যুক্তরাষ্ট্রের 'জলদানব' খ্যাত মাইকেল ফেলেপসের অলিম্পিক যাত্র। রিও অলিম্পিকে অংশ নেয়া শেষ ইভেন্টে আরেকটি সোনা জিতেছেন তিনি। ২৩টি স্বর্ণ পদকের এই মালিক বেশ দৃঢ়তার সঙ্গে জানালেন, এটাই তার শেষ অলিম্পিক আসর।
রিও অলিম্পিক থেকে বিদায় নেয়ার আগে অংশ নেয়া শেষ ইভেন্টে ছেলেদের ৪*১০০ মিটার মিডলে রিলেতে সোনা জিতেছে ফেলপসের যুক্তরাষ্ট্র দল।
সর্বকালের সেরা এই সাঁতারুর সোনার সংখ্যা দাঁড়ালো ২৩টিতে! আগের দিনই দিয়েছিলেন চূড়ান্ত অবসরের ঘোষণা। ক্যারিয়ারে শেষ রেসও জীবন্ত এই কিংবদন্তি হাসলেন সোনার হাসি।
রিও অলিম্পিকের অষ্টম দিনে বাংলাদেশ সময় রোববার সকালে ৪*১০০ মিটার মিডলে রিলের দ্বিতীয় লেগ শেষে এগিয়ে ছিল যুক্তরাজ্য দল। তৃতীয় লেগে ঝাঁপিয়ে বাটারফ্লাইয়ে যুক্তরাষ্ট্রকে লিড এনে দেন ফেলপস। শেষ লেগ ফ্রিস্টাইলে তা ধরে রাখেন ন্যাথান অ্যাড্রিয়ান।
৩১ বছর বয়সী ফেলপসের রিও অলিম্পিকে দুটি ব্যক্তিগত ও তিনটি দলীয় সোনা জেতা হয়েছে। লন্ডনে গত অলিম্পিকেও চারটি সোনার পদক গলায় ঝুলিয়েছিলেন তিনি। এর আগে ২০০৪ সালে এথেন্সে ৬টি আর বেইজিংয়ে আটটি সোনা জেতেন সর্বকালের সেরা এই অলিম্পিয়ান।
রিও অলিম্পিকে নিজের প্রথম সোনা ফেলপস পেয়েছিলেন গেমসের দ্বিতীয় দিনে সতীর্থদের সঙ্গে ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। এতে প্রথম সাঁতারু হিসেবে অলিম্পিকের চারটি আসরে সোনা জেতা হয়ে যায় তার।
চতুর্থ দিন ২০০ মিটার বাটারফ্লাইয়ের সোনার পদকটা গলায় ঝুলিয়েই আবার সুইমিংপুলে নেমে জেতেন ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলের সোনা। টানা চার অলিম্পিকে এই ইভেন্টে সোনাজয়ী যুক্তরাষ্ট্র দলের সদস্য হিসেবে থেকে আরেকটি রেকর্ড গড়েন ফেলপস ও তার সতীর্থ রায়ান লোকটি। আর কোনো সাঁতারু অলিম্পিকে এক ইভেন্টে চারটি সোনা জেতেননি।
তবে ওই রেকর্ডটি ছিল দলীয়। রিওর ষষ্ঠ দিন ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতে টানা চার আসরে কোনো ব্যক্তিগত ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য নজির গড়েছিলেন ফেলপস। অলিম্পিক ইতিহাসে আর কোনো সাঁতারু কোনো ব্যক্তিগত ইভেন্টে টানা চারটি সোনা জিততে পারেনি।
অলিম্পিকের সব ক্রীড়া মিলিয়ে ব্যক্তিগত কোনো ইভেন্টে টানা চারটি সোনা আছে আর দুই জনের। দুইজনই ফেলপসের স্বদেশি। লং জাম্পে কার্ল লুইস আর ডিসকাস থ্রোতে অ্যাল অর্টার।
সপ্তম দিন ১০০ মিটার বাটারফ্লাইয়ে দ্বিতীয়বার এই দৃষ্টান্ত দেখাতে পারেননি। পেছনে পড়েন সিঙ্গাপুরের জোসেফ স্কুলিংয়ের। তবে সাঁতারের শেষ দিন ৪*১০০ মিটার মিডলে রিলে জেতায় সোনার পদক নিয়েই ক্যারিয়ার শেষ করলেন ফেলপস।
অবসর ভেঙে পঞ্চম অলিম্পিকে এসেছিলেন এই জলদানব। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে ৩১ বছর বয়সী ফেলপসের ঝুলিতে এখন অলিম্পিকের ২৩টি সোনা, ৩টি রুপা ও ২টি ব্রোঞ্জ নিয়ে মোট ২৮টি পদক!
সব পদক মেলালে ১৮টি পদক নিয়ে ফেলপসের অনেক পরে আছেন সাবেক সোভিয়েত ইউনিয়নের জিমন্যাস্ট লারিসা লাতিনিনা। আর সোনার পদকের হিসেবে তো তার ধারেকাছেই কেউ নেই। ৯টি করে সোনা লাতিনিনা, ফিনল্যান্ডের দূরপাল্লার দৌড়বিদ পাভো নুরমি, যুক্তরাষ্ট্রের সাঁতারু মার্ক স্পিত্স ও স্প্রিন্টার কার্ল লুইসের। বিডি নিউজ।
ইত্তেফাক/আরএ
