সিগমা হুদার রায় ৩০ আগস্ট

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৪:৩৩
 
সম্পদের হিসাব বিবরণী দাখিলে দুদকের নোটিশ চ্যালেঞ্জ করে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার দায়েরকৃত রিটের শুনানি হাইকোর্টে শেষ হয়েছে। রবিবার বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি বিষ্ম দেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ৩০ আগস্ট রায়ের জন্য দিন ধার্য করেছে। 
 
২০০৯ সালের ১২ জানুয়ারি সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয় দুদক। পরে ওই নোটিশ চ্যালেঞ্জ করে সিগমা হুদা হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন। রিটের প্রেক্ষিতে ওই বছর ২৭ জানুয়ারি হাইকোর্ট নোটিশের কার্যকারিতার স্থগিতের পাশাপাশি রুল জারি করে। 
 
আজ ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান ও সিগমা হুদার পক্ষে নাজমুল হুদা শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য ৩০ আগস্ট দিন ধার্য করে।
 
 
 
ইত্তেফাক/কেকে