স্বর্ণের আশা শেষ নাদালের, ফাইনালে মারে-ডেল পোর্তো

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৫:৩২
বিশ্বের শীর্ষ তারকা নোভাক জোকোভিচকে প্রথম রাউন্ডেই বিদায় করার পরে এবার সেমিফাইনালে স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে হারিয়েছেন আর্জেন্টাইন টেনিস তারকা হুয়ান মার্টিন ডেল পোত্রো। ফলে স্বর্ণের ডাবল জেতা হলোনা সাবেক নাম্বার ওয়ানের। 
 
অলিম্পিকের ফাইনালে ডেল পোর্তোর প্রতিপক্ষ ব্রিটিশ তারকা এ্যান্ডি মারে। শনিবার সেমিফাইনালে ডেল পোর্তো তিন ঘণ্টা আট মিনিটের কঠিন লড়াইয়ের পরে ৫-৭, ৬-৪, ৭-৬ (৭/৫) গেমে নাদালকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন।
গুরুতর কব্জির ইনজুরির কারণে যেখানে ক্যারিয়ারই প্রায় শেষের পথে ছিল সেখানে রিও অলিম্পিকের স্বপ্নের ফাইনালে এখন বিশ্বের ১৪১ তম খেলোয়াড় ডেল পোর্তো। অন্যদিকে দ্বিতীয় বাছাই মারে জাপানি তারকা কেই নিশিকোরিকে সহজেই ৬-১, ৬-৪ গেমে পরাজিত করে টানা দ্বিতীয় অলিম্পিকের ফাইনালে উঠেছেন। 
রবিবার প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বার স্বর্ণ জয়ের মিশনে কোর্টে নামবেন মারে।  ২০০৮ সালের সিঙ্গেলসে স্বর্ণ জয়ী নাদাল শুক্রবার মার্ক লোপেজকে সাথে নিয়ে ডাবলসের স্বর্ণ জয় করেছেন।