২৪ আগস্ট পর্যন্ত আদালতের বাইরে থাকছেন জাবেদ

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৫:৫৭
 
আপিল বিভাগের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিনের আবেদন করেছেন ভোলার সাবেক জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমাম। তবে আপিল বিভাগের আদেশের অনুলিপি না পাওয়ায় ঢাকার হাকিম আদালত তার জামিন শুনানির জন্য ২৪ অাগস্ট দিন ধার্য করে দিয়েছে। ঐ দিন পর্যন্ত হাইকোর্টের দেয়া আগের জামিন বহাল থাকবে। 
 
আসামিপক্ষের আইনজীবী শামসুজ্জামান জানান, রবিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন নাহার এই আদেশ দেন। 
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নিম্ন আদালতে জাবেদকে দেয়া দণ্ড গতবছর হাইকোর্ট বাতিল করে দেয়। ঐ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করে গত ৭ অগাস্ট প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এক সপ্তাহের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সাময়িক বরখাস্ত এই বিচারক। 
 
২০১২ সালের ১ ডিসেম্বর রাজধানীর ইডেন কলেজের সামনে গাড়িতে ব্যাগভর্তি ফেনসিডিলসহ গ্রেফতার হন ভোলার তৎকালীন সহকারী জজ জাবেদ। পুলিশ ঐদিনই নিউমার্কেট থানায় তার বিরুদ্ধে মামলা করে। মামলার পরপরই তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
 
ঐ বছর ২০ ডিসেম্বর জাবেদ ইমামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৩ সালের ২৭ আগস্ট জাবেদ ইমামকে চার বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। 
 
এই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট নিম্ন আদালতের রায় বাতিল করে জাবেদ ইমামকে খালাস দেয়। হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে এরপর লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। গত সপ্তাহে সর্বোচ্চ আদালত জাবেদকে আত্মসমর্পণ করতে বলে।
 
ইত্তেফাক/এএসএস