জামিন পেলেন বাংলামেইলের তিন সাংবাদিক

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৬:৫১
তথ্য প্রযুক্তি আইনের মামলায় আটক অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের তিন সাংবাদিক জামিন পেয়েছেন। প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদক শাহাদাত উল্লা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও স্টাফ রিপোর্টার প্রান্ত পলাশকে আটক করেছিল র‍্যাব।
 
আসামিপক্ষের আইনজীবী প্রিয়লাল সাহা জানান, বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম রবিবার তাদের জামিন মঞ্জুর করেন।
 
বিমান দুর্ঘটনায় সজীব ওয়াজেদ জয় নিহত হয়েছেন এমন কটি খবর প্রকাশ করেছিল ‘টুডেনিউজ৭১ ডটকম’ নামের এক পোর্টাল। এই খবরটি ভুয়া ও গুজব ছিল উল্লেখ করে গত রবিবার বাংলামেইল একটি প্রতিবেদন প্রকাশ করে। এরপর র‌্যাব-৩ এর একটি দল কাকরাইলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে তাদের আটক করে অফিসে তালা দেয়।
 
তাদের গ্রেপ্তারের দিনই বাংলামেইলের ৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে সরকার।