সানিয়াদের হারিয়ে মিশ্র টেনিসের ফাইনালে ভেনাস

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৭:০০
একক ও ডাবলসে সোনা হাতছাড়া হয়েছে আগেই।  তবে সেই দুঃখ ভুলে রিও অলিম্পিকের মিশ্র দ্বৈতে ফাইনালে উঠেছেন মার্কিন টেনিস তারকা ভেনাস উইলিয়ামস।
 
সেমিফাইনালে রাজিক রামকে সঙ্গে নিয়ে তিনি হারিয়েছেন ভারতের টেনিস সুপারস্টার সানিয়া মির্জা ও রোহান বোপান্না জুটি।
 
প্রথম সেটে সানিয়াদের কাছে ৬-২ গেমে হেরে যান যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করা ভেনাস-রাজিব রাম জুটি। পরের সেটেই সমান ব্যবধানের জয়ে ঘুরে দাঁড়ান তারা। টাইব্রেকারে গড়ানো ম্যাচটি ১০-৩ পয়েন্টে জিতে গোল্ড মেডেল ম্যাচে পা রাখেন ভেনাস। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বদেশি বেথানি মাতেক স্যান্ডস-জ্যাক সক জুটি।
 
মিক্সড ডাবলস এ স্বপ্নপূরণ থেকে আর মাত্র এক ধাপ দূরে ভেনাস। এককে ২০০৪ ও ডাবলসে তিনবারের গোল্ড মেডেল বিজয়ী সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ানের কেবল এই ইভেন্টটিতেই স্বর্ণ জেতা হয়নি।
 
যদি সফল হন, তবে অলিম্পিক ইতিহাসে টেনিসের তিনটি ইভেন্টেই স্বর্ণ জয়ের অনন্য গৌরব অর্জন করবেন সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী।