নেইমারের উচ্ছ্বসিত প্রশংসায় সতীর্থরা

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৯:৩৯
গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজেকে ফিরে পাওয়া নেইমার কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে গোল পেয়েছেন ও করিয়েছেন। অলিম্পিক ফুটবলে সোনা জয়ের অভিযানে ব্রাজিলকে শেষ চারে তোলা তারকা এই ফরোয়ার্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তার সতীর্থরা।
 
রিও ডি জেনিরো অলিম্পিকের অষ্টম দিনে সাও পাওলোর আরেনা করিন্থিয়ান্সে বাংলাদেশ সময় রোববার সকালে কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারায় ব্রাজিল। অলিম্পিক ফুটবলে সোনার পদক এখনও অধরাই রয়ে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের।
 
প্রথমবারের মতো সোনা জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পর ফরোয়ার্ড লুয়ান বলেন, নেইমার অভিজ্ঞ এবং ম্যাচটি নিয়ন্ত্রণ করতে ভালো খেলেছে। তবে একত্রিত থাকা এবং জয় তুলে নেওয়ার জন্য পুরো দলেরই কৃতিত্ব পাপ্য। স্বপ্ন পূরণ করার জন্য এখন আমাদের পরের দুই ম্যাচে মনোযোগ দিতে হবে।
 
দ্বাদশ মিনিটে ২৫ গজ দূর থেকে নেওয়া বাঁকানো ফ্রি-কিকে লক্ষ্যভেদ করে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন লুয়ান। মিডফিল্ডার রেনাতো আগুস্তো বলেন, বিষয়গুলো কঠিন হয়ে গেলে উদ্ভাবনী কিছুর জন্য আমরা নেইমারের উপরই নির্ভর করি। গোল.কম। 
 
ইত্তেফাক/এসএসএ