টেনিসে স্বর্ণ জিতে মনিকার ইতিহাস

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৯:৪১
টুর্নামেন্ট শুরুর আগে কেউ ভাবতে পারেনি এমন কারো হাতে উঠবে অলিম্পিকের সোনা। নিশ্চিতভাবেই সবার বাজি ছিলো সেরেনা কিংবা ভেনাস উইলিয়ামসকে নিয়ে। কিন্তু বিশ্বকে চমকে দিয়ে অলিম্পিকে মেয়েদের টেনিসের স্বর্ণ জয় করে রুপকথার জন্ম দিলেন মনিকা পুইগ। সঙ্গে তার দেশে পুয়ের্তো রিকোকে এনে দিয়েছেন অলিম্পিক ইতিহাসের প্রথম সোনা।
 
রিও ডি জেনিরোতে মেয়েদের টেনিস এককের ফাইনালে জার্মানির আঞ্জেলিক কেরবারকে হারিয়ে চমক দেখিয়েছেন মনিকা পুইগ।  রিও অলিম্পিকের অষ্টম দিনে ফাইনালে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন কেরবারকে ৬-৪, ৪-৬, ৬-১ গেমে হারিয়ে সোনা জয়ের আনন্দে মাতেন মনিকা।
পুয়ের্তো রিকোর প্রথম কোনো নারী অ্যাথলেট হিসেবেও প্রথম পদক পেলেন ২২ বছর বয়সী মনিকা। অতীতে দেশটিকে অলিম্পিকের আটটি পদক এনে দিয়েছিলেন পুরুষ অ্যাথলেটরা।
 
হার্ড কোর্টে আগের দুই দেখায় মনিকাকে হারিয়েছিলেন কেরবার। রিওতে ব্যর্থ হলেও প্রতিপক্ষকে প্রশংসা করে জার্মানির এই খেলোয়াড় বলেন, ‘আমি মনে করি, সে এখানে এসেছিল নির্ভার হয়ে। তার হারানোর কিছু ছিল না।’