'বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না'

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ২১:৫০
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অবিচ্ছেদ্য দুটি শব্দ- একটি ছাড়া অপরটিকে কল্পনা করা যায় না।'
 
তিনি বলেন, '১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশের স্বাধীনতা ও জাতিসত্তাকে হরণ করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তা হতে দেয়নি।'
 
মন্ত্রী রবিবার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী' উপলক্ষে আইইবি'র আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
 
আইইবি'র সভাপতি ইঞ্জিনিয়ার কবির আহমেদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোঃ আবদুস সবুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
১৫ আগস্ট বাংলার মানুষ ঘরে ঘরে শোক দিবস পালন করে, বঙ্গবন্ধুর চেতনায় নতুন করে উজ্জীবিত হয় বলে মন্তব্য করেছেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন নিম্নমধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে এবং এ দেশের উন্নয়ন যাত্রা যখন বিশ্বের কাছে রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছে তখন স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি আবার জঙ্গি কার্যক্রমের মাধ্যমে এ উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার নীলনকশায় লিপ্ত রয়েছে। তবে বাঙালি জাতি তা কখনও হতে দিবে না।
 
তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে অবদান রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
 
ইত্তেফাক/এসএস