গোদাগাড়ী-আমনুরা সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী

আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ০১:০৬
গোদাগাড়ী আমনুরা দীর্ঘ ২০ কিলোমিটার পাকা সড়কে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে সড়কটি। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। আশির দশকের পরে গোদাগাড়ী আমনুরা হয়ে নাচোল ও জৈটাবটতলা থেকে মুন্ডুমালা পর্যন্ত তৈরি হয় পাকা সড়কটি। কিন্তু বেশ কয়েক বছর ধরে সড়কের বেহাল অবস্থা এবং ব্যাটারিচালিত অটো রিকশার কারণে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
 
সড়কের বেহাল অবস্থার কারণে সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এলাকার একমাত্র যানবাহন ব্যাটারি চালিত অটোরিকশা। দীর্ঘ ২০ কিলোমিটার পাকা সড়কের বিটুমিন এবং ইট উঠে বড় বড় খানা-খন্দের সৃষ্টি হয়েছে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। গত শনিবার বিকালে সড়কের কাজিপাড়া বাসস্ট্যান্ড নামক স্থানে আমানুরা থেকে নাটোরগামী একটি চালের ট্রাক কাদায় আটকে গেলে সড়কটি বন্ধ হয়ে যায়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, এতে দুই দিকের চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে একটি ট্রাকটর দিয়ে ট্রাকদিকে কাদা থেকে উদ্ধার করা হয়। একই দিনে ওই এলাকায় আরেকটি ট্রাকের চাকা খাদে পড়ে গিয়ে ভেঙে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও রাত পর্যন্ত ট্রাকটি রাস্তায় আটকে থাকে। এতে আবারো দুর্ভোগে পড়েন চলাচলকারীরা।
 
কাজিপাড়া এলাকার বাসিন্দা রেজাউল করিম জানান, রাস্তার অবস্থা এতোই খারাপ হয়ে গেছে যে রোগীর জন্য কোনো গাড়ি নিলে রোগী নিয়ে দ্রুত হাসপাতালে যাওয়া যায় না। এমনকি রাস্তা কাদা হয়ে যাওয়ায় গাড়ি ভাড়া পাওয়া দুষ্কর হয়ে গেছে। আর যে সব ব্যাটারি চালিত অটো রিকশা আছে সেগুলোতে দ্বিগুণ ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। জনস্বার্থে দ্রুত রাস্তাটি মেরামত করার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান এলাকাবাসী।
 
ইত্তেফাক / এ এন