চারুকলায় প্রায়ই আসতেন তিনি

আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৪:৩০
 
চারুকলায় প্রায়ই আসতেন বঙ্গবন্ধু, নতুন দেশ তখন, কত কিছু নিয়েই ভাবতে হয়। তারপরেও তিনি গুরুত্ব দিয়ে দেখেছেন শিল্পকলার যেন বিকাশ হয়। তা শুধু ঢাকাকেন্দ্রিক নয়, তিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন দেশব্যাপী; গ্রামগঞ্জেও। আমার মনে আছে, তিনি বলতেন, ‘আমাদের শিকড় তো গ্রামে, বাংলাদেশে আনাচে-কানাচে রয়েছে আমাদের লোকশিল্প, আমাদের ইতিহাস-ঐতিহ্য।’ সেগুলোকে তিনি আমাদের কাজে কর্মে তুলে আনতে বলতেন। বাঙালির যে একটা নিজস্ব সত্তা আছে, নিজস্ব সংস্কৃতি আছে, হাজার বছরের আমাদের যে শিল্পকলা, তা নিয়ে তিনি দারুণ গর্ববোধ করতেন। শিল্পের বিকাশে আমরা যখন যে রকম পদক্ষেপ আশা করেছি, তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বরাবরই।
 
শিল্পাচার্য জয়নুল আবেদীনের সোনারগাঁওয়ে যে লোকশিল্প জাদুঘরের পরিকল্পনা ছিল তাও বঙ্গবন্ধু বাস্তবায়ন করেন। এ নিয়ে তার বিশদ পরিকল্পনা ছিল, দুঃখের বিষয় আর কখনোই কেউ এ নিয়ে সেভাবে ভাবেননি। তিনি চলে গেলেন, তারপর অনেক কিছুই হোঁচট খেল। তার চলে যাওয়ার অনেক বছর পরেও আসলে আমরা ফিরতে পারিনি সঠিক ধারায়। বারবার আমাদের সামনে বাধা এসেছে, বন্ধুর এক পথ পাড়ি দিয়ে আজকের অবস্থানে বাংলাদেশ। শিল্পের প্রসারও সেভাবে হতে পারেনি, বরং শিল্পচর্চাতেও অনেকে বাধার মুখোমুখি হয়েছেন। আমি নিশ্চিত, তার সেই দিকনির্দেশনা ধরে এগোলে, আজকের শিল্পকলা থাকত অনন্য উচ্চতায়, আর তা আমাদের দিতে পারত অনেক কিছু।
 
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই যে চারুকলা, শিল্পকলা, বাংলা একাডেমি, এই নিয়ে শিল্পচর্চার এক বলয় তৈরি হবে। মুক্তবুদ্ধির বিকাশে তা আমাদের দারুণ সহায়ক হতে পারত। অবশ্য শিল্পমনা সংগঠন ও কিছু গোষ্ঠীর কারণে সে যাত্রায় আমরা বেশ এগিয়েছিও বটে, একটা শিল্পের পরিবেশ আমরা তৈরি করেছি। তবে স্বীকার করতে হবে, এ অগ্রগতি আংশিক হয়েছে। বঙ্গবন্ধু থাকলে অবশ্যই এই শিল্পের প্রসার আরও বেগবান হতো। আর যে বিষয়টা তিনি খুব গুরুত্ব দিতেন, তা হলো—কেবল শহর বা নগরে নয়, শিল্পচর্চাকে তিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন দেশের আনাচে-কানাচে। দেশের সব প্রান্তরের শিল্পীদের এক কাতারে আনার যে অনন্য উদ্যোগ তিনি নিয়েছিলেন, তা আর কখনো সেভাবে বাস্তবায়িত হয়নি। 
 
আমরা আশাবাদী যে এখন আমরা অনেক ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছি। তবে এর মাঝেই প্রায়ই এরকম সব বাধা-বিপত্তি মোকাবেলা করতে হয় আমাদের, উন্নয়নের সেই গতি হয়ে যায় শ্লথ। আজকের বাংলাদেশের সামনে শত সমস্যা, হাজারো সম্ভাবনা। আমরা সেই সম্ভাবনাকে লালন করতে চাই, শিল্পকলার বীজ বপন করে যেতে চাই আমরা সবার মনে।
 
লেখক : চিত্রশিল্পী