সোমবার চ্যানেল আইতে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘স্মৃতির মিনার’। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন রানা মাসুদ। এতে অভিনয় করেছেন ড. ইনামুল হক, ওমর আয়াজ অনি, শামীমা তুষ্টি, এমএ আলম সোহাগ, শামীম, এনায়েত কবির খান সূর্য, প্রিয়ন্তী ও শিশুশিল্পী তূর্ণ। টেলিফিল্মটি প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে তার একনিষ্ঠ ভক্ত যুবক হায়দার চোখে কালো কাপড় বেঁধে একাই মহাসড়কে চিৎকার করে প্রতিবাদ করতে থাকে। এ সময় একটি ঘাতক মাইক্রোবাস তাকে পঙ্গু করে দিয়ে চলে যায়। তারপর থেকে নিজ বাড়ির বারান্দায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি গড়ে প্রতিবছর ১৫ আগস্ট এলে হুইলচেয়ারে বসে তাকে শ্রদ্ধা জানায়। কিন্তু ঢাকায় থাকা একমাত্র ছেলে রাসেদ বাবার এই মফস্বলের বাড়িটি বিক্রি করে ঢাকায় শ্বশুরের দেওয়া জায়গায় অ্যাপার্টমেন্ট করার কথা ভাবলে হায়দার সাফ সাফ জানিয়ে দেয় এই বাড়িটি তার কাছে একটি স্মৃতিসৌধ। তাই তার জীবদ্দশায় সেটা হওয়ার নয়। তারপর শুরু হয় বাবা-ছেলের টানাপোড়েন।
