কেক না কেটে মিলাদের মাধ্যমে এবার দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন করেছে বিএনপি। সোমবার বিকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই মিলাদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন উদযাপন না করতে আওয়ামী লীগ নেতাদের আহ্বানের প্রেক্ষাপটে এবার বন্যা এবং সরকারি নির্যাতন-নিপীড়নকে কারণ দেখিয়ে কেক কাটেননি খালেদা।
মিলাদ অনুষ্ঠানের পর ফখরুল সাংবাদিকদের বলেন, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবার তার জন্মদিনের অনুষ্ঠান বাতিল করেছেন। দেশের যে বর্তমান অবস্থা, রাজনৈতিক-সামাজিক এবং বন্যার কারণে যে অবস্থা তৈরি হয়েছে, সেই কারণে তিনি মনে করেছেন, জন্মদিনের কোনো অনুষ্ঠান পালন করা সমীচীন নয়।
তিনি বলেন, আজকে আমরা তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছি। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছি। সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য কামনা করেছি। আরাফাত রহমান সাহেবের রুহের মাগফেরাত কামনা করেছি।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী উলামা দলের সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক। কার্যালয়ের ভেতরে জায়গা না হওয়ায় সিঁড়িতে দাঁড়িয়েও কর্মীদের মিলাদ ও দোয়ায় অংশ নিতে দেখা যায়।
খবর বিডিনিউজের।
ইত্তেফাক/এএম।
