পাকিস্তানের কাছে টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্রয়ের পর ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস জানিয়েছেন বাংলাদেশে খেলতে যাওয়ার জন্য দল নির্বাচন করতে গিয়ে তাদের ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে হবে।
ইংল্যান্ড গত রবিবার রাতে ওভাল টেস্টে পাকিস্তানের কাছে ১০ উইকেটে পরাজিত হয়। এর ফলে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-২ ব্যবধানে সমতা আনে মিসবাহ উল হকের দল। অপরদিকে এগিয়ে থেকেও সিরিজ ড্রয়ের ক্ষেত্রে ইংল্যান্ডের সমস্যা হিসেবে দেখা হচ্ছে তাদের টপ অর্ডারের ব্যাটিংকে।
অধিনায়ক অ্যালিস্টার কুক ও তিন নম্বর ব্যাটসম্যান জো রুট ৬৬.৭৮ গড়ে ৯৩৫ রান করলেও টপ অর্ডারের অপর তিনজন অ্যালেক্স হেলস, জেমস ভিন্স ও গ্যারি ব্যালেন্স মিলে করেছেন ৪৯৮ রান। তিনজনের সম্মিলিত রানের গড় ২২.৬৩।
কোচ বেলিস জানিয়েছেন নৈপুণ্য দেখাতে না পারাদের ব্যাপারে তার ধৈর্য সীমাহীন নয়। বিশেষ করে সামনে যেখানে বাংলাদেশ সফর রয়েছে। অস্ট্রেলিয়ানটি এ প্রসঙ্গে বলেন,‘পরবর্তী টেস্ট সিরিজ নিয়ে আলোচনার জন্য আমাদের হাতে সম্ভবত এক মাস আছে। কাজেই আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’
সমস্যা হলো এদের বিকল্প হিসেবে কাউন্টি ক্রিকেটে সেভাবে কোন ক্রিকেটার ভালো নৈপুণ্য দেখাতে পারেননি।
