বিয়ের প্রস্তাব দিলেন, তাও কি না আবার অলিম্পিকের আসরে! হ্যাঁ, ব্রাজিলের রিও অলিম্পিকে এমনই এক সুন্দর এবং বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। দুই চীনা ক্রীড়াবিদের এহেন ভালোবাসার সাক্ষী থাকল গোটা বিশ্ব। রবিবার মহিলাদের ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে রৌপ্য পদক জেতেন চীনা তরুণী হে জি। কিন্তু পদকের চেয়েও গুরুত্বপূর্ণ পুরস্কার যে তার জন্য অদূরেই অপেক্ষা করছিল সেটা তিনি ভাবতেও পারেননি।
মেডেল নিয়ে সবে বেদী থেকে নীচে নেমেছেন, তখনই খুব গম্ভীর মুখে হে’র সামনে হাজির হন তারই স্বদেশী ক্রীড়াবিদ কিন কুই। হাঁটু গেড়ে বসে পড়েন হে জির সামনে। কী ঘটতে চলেছে তা দেখার জন্য কোটি কোটি চোখ তখন এই দুজনের দিকে। তখন পকেট থেকে একটি লাল রঙের ছোট বাক্স বের করেন কিন। বাক্সটা খুলে হে’র দিকে বাড়িয়ে ধরে সলজ্জ ভঙ্গিতে বিয়ের প্রস্তাব দিলেন। অপেক্ষা ছিল হে’র উত্তরের। কিনের এমন অদ্ভুত কাণ্ড দেখে প্রথমে হতভম্ব হয়ে যান হে। তবে এক মুহূর্তও দেরি করেননি তিনি। এই যুবকের জীবনসঙ্গিনী হওয়ার প্রস্তাব তিনি গ্রহণ করেন। মাথা নেড়ে বুঝিয়ে দেন তিনি রাজি! সঙ্গে সঙ্গে কিন এনগেজমেন্ট রিং পরিয়ে দেন হে’র আঙুলে। গোটা স্টেডিয়াম তখন হাততালিতে ফেটে পড়ে।
কিনের এই কাণ্ড গতকাল বিশ্বমিডিয়ার অন্যতম আলোচিত বিষয় ছিল। আলোচনায় মুখর চীনও। তবে কেউ কেউ সমালোচনাও করেছেন কিনের। তারা বলছেন, হে যে অলিম্পিকের মতো আসরে একটা পদক জিতেছেন তা আলোচনার বাইরে চলে গেছে। আলোচনায় এসেছে এই নাটকীয় বিয়ের প্রস্তাব। ধামাচাপা পড়েছে তার অর্জনটি। উল্লেখ্য, কিন গত সপ্তাহে অলিম্পিকের একই ইভেন্টের পুরুষ বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেন। -বিবিসি
ইত্তেফাক / এ এন
