বিএনপি চেয়ারপারসন খালোদা জিয়ার সময়ের আবেদনের প্রেক্ষিতে আবারও পিছিয়ে গেছে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি। ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম এ বিষয়ে শুনানির জন্য ২১ অগাস্ট নতুন তারিখ ঠিক করে দিয়েছেন।
খালেদা জিয়াসহ আট আসামির আইনজীবীরা এদিন অভিযোগ গঠনের শুনানির প্রস্তুতির জন্য আরও সময় চেয়ে আবেদন করেন।
এ মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মওদুদ আহমদের আইনজীবী জানান, এ মামলা নিয়ে তার মক্কেলের একটি আবেদন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
এরপর বিচারক আপিল বিভাগের শুনানির ফলাফল জানাতে নির্দেশ দিয়ে শুনানির নতুন তারিখ ঠিক করে দেন বলে আইনজীবীরা জানান।
সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তার বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা করে দুদক। পরের বছর ৫ মে খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
এতে অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।
ইত্তেফাক/এমআই
