বেশ কিছু দিন ধরে বিটাউনে জোর কানাঘুষা, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন সালমান খান ও তার কথিত প্রেমিকা লুলিয়া ভানতুর। এই গুঞ্জনের ব্যাপারে সরাসরি হাঁ বা না কিছুই বলেননি 'বজরাঙ্গি ভাইজান'।
তবে 'নিশ্চিত' খবর বের করে আনতে নিজেদের চেষ্টায় কসুর রাখেনি ভারতীয় মিডিয়া। নানা সময় নানান সমর্থিত-অসমর্থিত সূত্রের বরাত দিয়ে সর্বশেষ আপডেট জানিয়েছে তারা। কিন্তু এবার বুঝি তাদের সকল পরিশ্রমই 'পণ্ডশ্রম' প্রমাণিত হতে চলেছে!
এর কারণ রোমানিয়ার মিডিয়া। যাদের দাবি, বহুত আগেই শুভকাজটা সেরে রেখেছেন সালমান-লুলিয়া!
সম্প্রতি রোমানিয়ার ট্যাবলয়েড 'ক্লিক' লুলিয়াকে নিয়ে এক প্রতিবেদন ছেপেছে, যেখানে রোমানিয়ান সুন্দরীকে সম্বোধন করা হয়েছে 'রয়্যাল মিসেস খান' বলে!
সূত্রের দাবি, লুলিয়া তার দেশে 'রয়্যাল মিসেস খান' বলেই বেশি পরিচিত। কারণ, বেশ কিছু দিন আগেই বিয়েটা সেরেছেন সালমান-লুলিয়া।
বহুদিন ধরেই বিয়ে নিয়ে নানা প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন পঞ্চাশের কোটায় পা রাখা সালমান। আর হবেইবা না কেন, বিয়ের বয়স যে পেরিয়ে গেছে অনেক আগেই! তাই যেখানেই যান, ঘুরেফিরে তার কাছে সবার একটাই প্রশ্ন— জনাব, বিয়েটা করছেন কবে। আর বরাবরই নানা টালবাহানা দেখিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান সালমান। তবে এবারের খবরটা শুনে সবারই আক্কেলগুড়ুম অবস্থা।
ইত্তেফাক/এএম
