ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মামলার আসামি জাহেদুল হাশেম সৌকতকে জামিন দেয়নি হাইকোর্ট। আসামির জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন বিচারপতি এম ইনয়েতুর রহিম ও বিচারপতি জেডিএম হাসানের ডিভিশন বেঞ্চ।
২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকায় বিলাসি সিনেমা হলের সামনে উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতা একরামুল হক একরামকে গুলি করে ও পুড়িয়ে হত্যা কর হয়। এ ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে ৩৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। বর্তমানে মামলাটি ফেনীর জেলা ও দায়রা জর্জ আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।
ইতোমধ্যে ১২জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। এই মামলার আসামি ও স্থানীয় যুবলীগ নেতা সৈকত সম্প্রতি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। তার পক্ষে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবীর শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
আদালত বলেন, যেহেতু মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে, এ অবস্থায় জামিন দেয়া ঠিক হবে না।
ইত্তেফাক/আরএ
