সাত বছরেও শেষ না হওয়া তিন জেএমবি সদস্যের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তির জন্য খাগড়াছড়ি বিশেষ ট্রাইবুনাল-১ কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেছেন একেএম মনিরুজ্জামান কবির বলেছেন, মামলাটি ৭ বছরেও নিষ্পত্তি না হওয়ায় আদালত এই আদেশ জারি করেছেন।
নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হলে তিন মাসের মধ্যে মামলার সর্বশেষ অবস্থা প্রতিবেদন আকারে অবহিত করতে বিশেষ ট্রাইব্যুনালের বিচারককে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসান ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
২০০৯ সালের ২৭শে মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার শান্তিপুর গ্রামস্থ দুর্গম এলাকায় জেএমবির ট্রেনিং ক্যাম্প পরিচালনার অভিযোগে আবদুর রহিম, দেলোয়ার হোসেন ও ইউনুস আলিকে গ্রেফতার করে র্যাব। ঘটনার পরের দিন মাটিরাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় ইউনুস গত সাত বছর ধরে কারাগারে আছেন। মোহাম্মদ ইউনুস আলির জামিন শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ দেন। এই প্রসঙ্গে তাকে কেন জামিন দেয়া হবে না মর্মেও রুল জারি করা হয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম মনিরুজ্জামান কবির। তিনি বলেন, ৭ বছর ধরে এই মামলায় কোনো সাক্ষী না হওয়ায় আদালত এই আদেশ জারি করেছেন। অভিযুক্ত ইউনুস আলির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এই মামলার সাক্ষী হাজির করতে খাগড়াছড়ি পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেট, মাটিরাঙ্গা থানার ওসি ও সংশ্লিষ্ট আদালতের পিপিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সাক্ষী হাজির করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না সেই মর্মেও রুল জারি করা হয়।
ইত্তেফাক/এসএসএ
