ফেডের সঙ্গে আইনি লড়াইয়ে যাবেনা বাংলাদেশ ব্যাংক

আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৮:১৮
রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক ও সুইফট মানি ট্রান্সফার নেটওয়ার্কের সঙ্গে আইনি লড়াইয়ে যাওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। এর বদলে খোয়া যাওয়া ৮১ মিলিয়ন ডলার উদ্ধারে কাজ করতে সংস্থা দুটির সহায়তা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
 
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা রয়টার্সকে বলেন, 'এই মুহূর্তে ফেড বা সুইফটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কোন পরিকল্পনা নেই আমাদের। এর বদলে আমরা তাদের সাহায্য চাইব।' তবে আগের অবস্থান থেকে সরে আসার কোন কারণ জানাননি তিনি।
 
নিউইয়র্ক ফেড এবং সুইফটের ভুলের কারণে বাংলাদেশ ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে এমন অভিযোগে কেন্দ্রীয় ব্যাংক আইনি পথে এগুচ্ছে বলে গত মাসে ব্যাংকের একটি সূত্র থেকে জানা গিয়েছিল। গত মার্চে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও ক্ষতিপূরণ আদায়ে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেছিলেন।