শেরপুরে দুই ‘জেএমবি’ সদস্য রিমান্ডে

আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৮:৪৭
শেরপুরের ঝিনাইগাতী থেকে গ্রেফতার দুই  ‘জেএমবি সদস্যকে’ ছয়দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
 
মঙ্গলবার দুপুরে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুমিনুন্নিসা খানম এ রিমান্ড মঞ্জুর করেন। এরা হলেন, ঝিনাইগাতীর চকপাড়া গ্রামের জামাল উদ্দিন মিস্ত্রীর ছেলে সাজেদুল ইসলাম ওরফে সাদ্দাম (২৭) ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে আমিনুল ইসলাম (২০)।
 
গত শুক্রবার রাত ও শনিবার বিকালে সীমান্তবর্তী ধানশাইল ইউনিয়নের চকপাড়া গ্রাম থেকে হাতবোমা, জঙ্গি তৎপরতার ভিডিও ক্লিপ ও জিহাদি বইসহ তাদের গ্রেফতার করে পুলিশ। পরে শেরপুর গোয়েন্দা পুলিশের এসআই সজিব খান তাদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মামলা করেন। 
 
আদালত পুলিশের উপপরির্দশক জামাল উদ্দিন জানান, সকালে পুলিশ তাদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
 
ইত্তেফাক/ইউবি