ঘুষ নিয়ে এনআইডি সংশোধন, এক কর্মচারীর বিরুদ্ধে মামলা

আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৯:৪২
 
ঘুষ নিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করার অভিযোগ প্রমানিত হওয়ায় গোয়ালন্দ নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনা অনুযায়ী, ওই কর্মচারীর বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার হোসেন বাদী হয়ে গোয়ালন্দ থানায় মামলা করেছেন। কমিশনের সুপারিশ অনুযায়ী জাকিরকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
 
সম্প্রতি ঘুষ নেয়ার অভিযোগের প্রমাণ পাওয়ায় আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিস-আইডিইএ প্রকল্পের উপ-পরিচালক মো. ইলিয়াস ভূঁইয়া ওই কর্মচারীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।
 
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত ডাটা এন্ট্রি অপারেটর মো. জাকির হোসেনের বিরুদ্ধে রাজবাড়ী সদরের সংগ্রাম প্রামানিক জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বরাবর অভিযোগপত্র পাঠিয়েছেন। পত্রে উল্লেখ করা হয়েছে, মাসুদ রানা নামক একজনের কাছ থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে তার আইডি কার্ড সংশোধন করেছেন। এছাড়া তিনি নিজে ১২ বছর বয়স পরিবর্তন করে পৃথক এলাকায় দ্বৈত ভোটার হয়েছেন মর্মে দুটি গুরুতর অভিযোগ করা হয়েছে (যেগুলোর প্রমাণপত্রও রয়েছে)। এতে প্রতীয়মান হয় যে, জাকির হোসেন জালিয়াতি ও দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত।
 
চিঠিতে আরো বলা হয়, ইসি সচিবালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে এবং ডেটাবেজের সঠিকতা বজায় রাখার স্বার্থে অভিযুক্ত জাকির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রকল্প থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া তাকে প্রত্যাহার করার জন্য ইতোমধ্যে আউটসোর্সিং প্রতিষ্ঠানকে বলা হয়েছে। এমতাবস্থায়, জাকির হোসেনের বিরুদ্ধে সংশি­ষ্ট থানায় নিয়মিত মামলা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রকল্প কার্যালয়কে জানানোর জন্য নির্দেশ দেয়া হয়।

ইত্তেফাক/এএম।