ছবিতে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের দর্শন

আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ২১:২৮
প্রতিযোগিতার বিষয় ছিল ‘ভারত@বাংলাদেশ’। শিল্পীদের ক্যানভাসে উঠে এলো বন্ধুত্ব। দুটি দেশের মানুষে মানুষে সম্পর্ক, ব্যবসায়ী ও অংশীদারিত্বমূলক যোগাযোগ, বঙ্গবন্ধু, ইন্দিরা গান্ধী। তবে সবকিছু ছাপিয়ে শিল্পীদের কাজে গুরুত্ব পেয়েছে মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের বন্ধুত্বের যে নিদর্শন তা শিল্পীদের আলোড়িত করেছে সবচেয়ে বেশি।
 
ভারতীয় হাইকমিশনের উদ্যোগ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগিতায় অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫১জন শিল্পীর ছবি নিয়ে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে চিত্র প্রদর্শনী। মঙ্গলবার বিকালে জয়নুল গ্যালারির উন্মুক্ত চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন ও প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।এর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
IMG0
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের যে দর্শন সেটাই শিল্পীদের ছবিতে উঠে এসেছে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের। দুটি দেশের সহযোগিতামূলক সেই সম্পর্কের ক্ষেত্র দিন দিন বিকশিত হচ্ছে। শিল্পীরা সেই সব কথা যেভাবে ফুটিয়ে তুলেছেন সেটা খুবই আশাপ্রদ। তিনি জানান, শিল্পীদের এই ছবিগুলো বারিধারায় হাইকমিশনের চ্যান্সেরি ভবনের শোভা বৃদ্ধি করবে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘সৃজনশীলতা বিকাশের জন্য যে ধরণের সুস্থ পরিবেশ দরকার, তা আদতে নেই। যার ফলে বাংলাদেশসহ বিশ্বজুড়ে জঙ্গিবাদের বিস্তার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠের তরুণরা তাতে জড়িয়ে পড়ছে। আমাদের এসব নিয়ে আরও ভাবতে হবে। সৃজনশীল চর্চার মধ্য দিয়েই প্রতিহত করতে হবে জঙ্গিবাদসহ সব প্রতিক্রিয়াশীল কার্যক্রম।’ ভারতীয় দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-সংস্কৃতি বিকাশ কার্যক্রম আরো গতিশীল  করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান উপাচার্য।