মঠবাড়িয়ায় অপহৃত কলেজ ছাত্রী আড়াই মাস পর উদ্ধার

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৫:২৬
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অপহরণের আড়াই মাস পর অপহৃত এক কলেজ ছাত্রীকে পুলিশ পৌর এলাকার মিরুখালী রোডের একটি বাসা থেকে মঙ্গলবার রাতে উদ্ধার করেছে।
 
বুধবার ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।
 
মামলা সূত্রে জানা গেছে, আড়াই মাস আগে মঠবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়ার মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের ওই ছাত্রী পরীক্ষা দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় একই এলাকার আবদুস সালাম ও তার সহযোগীরা তাকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আবদুস সালামসহ ছয়জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার পর আসামিরা উচ্চ আদালতে জামিনে ছিলেন। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আবদুস সালামের পৌর এলাকার মিরুখালী রোডের বাসা থেকে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে।
 
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
 
ইত্তেফাক/এএসএমইউ