চট্টগ্রামের তালসরা দরবার থেকে দুই কোটি টাকা লুটের ঘটনায় দায়েরকৃত মামলা বিচারিক আদালতে চলবে। মামলাটি বাতিল চেয়ে এক আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
এই আদেশের ফলে মামলার আসামি র্যাব-৭ এর তৎকালীন অধিনায়ক বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আলি মজুমদার ও ফ্লাইট লেফটেন্যান্ট শেখ মাহমুদুল হাসানসহ সাতজনের বিরুদ্ধে মামলা চলবে।
২০১১ সালে ৪ নভেম্বর তালসরা দরবার শরীফে র্যাব অভিযান চালায়। ঐ অভিযানের পর ২০১২ সালের১৩ মার্চ ল্যাবসহ ১২ জনের বিরুদ্ধে দুই কোটি টাকা লুটের অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা থানায় মামলা করা হয়। এই মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন আসামি শেখ মাহমুদুল হাসান। ঐ আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে ও মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ জারি করে।
আজ আসামিপক্ষের আইনজীবীরা মামলাটি না চালানোর জন্য আদালতে আবেদন জানায়। এরপরই হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেয়।
আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও বাদী পক্ষে ছিলেন আইনজীবী তাজুল ইসলাম ।
ইত্তেফাক/এএসএস
