পপ সুপারস্টার ম্যাডোনা তার ৫৮তম জন্মদিন পালন করেছেন কিউবার রাজধানী হাভানায়। দেশটি সফরে গিয়ে মঙ্গলবার রাতে জন্মদিনের অনুষ্ঠানে কিউবান সঙ্গীতের ছন্দে নাচেন তিনি।
কিউবার কমিউনিস্ট পার্টির সরকারি মুখপত্র গ্রানমা জানায়, ম্যাডোনার সফরসঙ্গী হিসেবে তার বড় মেয়ে লরডেস কিউবায় রয়েছেন। ১৯ বছর বয়সী লরডেস নিজেও একজন মডেল। তার পিতা কার্লোস লিউন একজন কিউবান নৃত্যশিল্পী ও ফিটনেস প্রশিক্ষক। এছাড়া আমেরিকান ফটোগ্রাফার স্টিভেন ক্লেইন এবং স্টাইলিস্ট বি আকেরলুন্ড ও এন্ডি লিকম্পট তাদের সাথে রয়েছেন।
ম্যাডোনা তার টুইটার একাউন্টে নিজের ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখেন,‘মুক্ত কিউবা’। ছবিতে হাস্যোজ্জ্বল ম্যাডোনার পরনে ছিল কালো ও হলুদ ফুলেল পোশাক আর মাথায় ছিল কালো হ্যাট।
ভক্তদের পোস্ট করা ভিডিওতে ম্যাডোনাকে একই পোশাকে ওল্ড হাভানার রাস্তায় পায়চারি এবং একটি রেস্টুরেন্টে কিউবান সঙ্গীতের তালে নাচতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্র ও হাভানার মধ্যে ২০১৪ সালের ডিসেম্বরে সম্পর্ক পুন:প্রতিষ্ঠার পর যে কজন মার্কিন সেলিব্রেটি কিউবা সফর করেছেন ম্যাডোনা তার সর্বশেষ। এর আগে লিওনার্দো ডিক্যাপ্রিও, বিয়ন্সে, জে-জেড, কেটি পেরি, কেনি ওয়েস্ট, উশার, প্যারিস হিলটন, কিম, কোহলে এবং কোর্টনি কার্দেশিয়ান সম্প্রতি কিউবা সফর করেন।
হাভানায় ১৯৬০এর দশক থেকে মার্কিন নিষেধাজ্ঞা জারি থাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের কিউবা সফর নিষিদ্ধ ছিল। সূত্র: এএফপি
ইত্তেফাক/এমএএস
