একটি ব্রিজের অভাবে ২০ গ্রামের মানুষের দূর্ভোগ

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৭:৩৯

ঝিনাইগাতী উপজেলার ড্যান্যেরপাড় মালিঝি নদীর ওপর ১টি ব্রিজের অভাবে ২০ গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে ১টি ব্রিজ নির্মাণের দাবী গ্রামবাসীদের দীর্ঘদিনের। দেশ স্বাধীনের পর থেকে এ ব্রিজটি নির্মানের জন্যে এলাকাবাসীর পক্ষ থেকে বহু আবেদন-নিবেদনও করা হয়েছে। বিভিন্ন সময় আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু আজো তা বাস্তবায়িত হয়নি।ফলে এ পথে যাতায়াতকারী ২০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

 
উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজার থেকে বাতিয়াগাঁও হয়ে কালিবাড়ি বাজারে যাতায়াতের পথে এ নদীটি অবস্থিত। স্কুল-কলেজের শিক্ষার্থী, কামার-কুমার, জেলে-তাঁতি, কৃষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ পথে যাতায়াত করে থাকে। কিন্তু এখানে ১টি ব্রিজের অভাবে কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য ও গবাদি পশু পারাপারের সময় তাদের চরম বিড়ম্বনার শিকার হতে হয়। বর্ষা মৌসুমে কোমলমতি শিশু-কিশোররা নদী পার হয়ে ইসকুলে যাতায়াত করতে পারে না।
 
এডিপি’র অর্থায়নে ২ বছর পূর্বে ১টি কাঠের সেতু নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণ কাজ শেষ হতে না হতেই সেতুটি বিধ্বস্ত হয়ে পড়ে। গ্রামবাসীদের পক্ষ থেকে বিধ্বস্ত সেতুর পাশ দিয়ে ১টি বাঁশের সাঁকো তৈরি করে কোন রকমে যাতায়াত ব্যবস্থা চালু রাখা হয়।
 
উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা বলেন, এখানে ব্রিজ নির্মাণের জন্য এলজিইডিতে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। বরাদ্দ এলে ব্রিজ নির্মাণ করা হবে।
 

ইত্তেফাক/ এএন