৩৫তম বিসিএসে ২১৫৮ জনকে ক্যাডার সুপারিশ

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ২১:০৩
৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে দুই হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।
 
তিনি ইত্তেফাককে বলেন,  চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। তথ্য বিভ্রাটের কারণে কিছু ফলাফল স্থগিত রাখা হয়েছে।
 
গত ৩১ জানুয়ারি থেকে ৩ মার্চ এবং ৬ থেকে ২১ মার্চ ৩৫তম বিসিএসের উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা হয়। লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল ১৩ জানুয়ারি। এতে ছয় হাজার ৮৮ জন উত্তীর্ণ হন।
 
গত বছরের ১ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের সাধারণ ও কারিগরি ক্যাডারের আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুরু হয়, শেষ হয় ৭ সেপ্টেম্বর। আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হয় ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত।
 
প্রিলিমিনারি পরীক্ষা হয় গত বছরের ৬ মার্চ। নতুন নিয়ম অনুযায়ী ৩৫তম বিসিএস থেকেই প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বর ও সময় এক ঘণ্টা থেকে বাড়িয়ে দুই ঘণ্টা করা হয়।
 
প্রিলিমিনারির ফল প্রকাশিত হয় ওই বছরের ৮ এপ্রিল। এতে উত্তীর্ণ হন ২০ হাজার ৩৯১ জন। এরমধ্যে ৪১৯ জনের প্রার্থিতা বিভিন্ন কারণে বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।
 
সরকারি চাকরি পেতে ৩৫তম বিসিএসে দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেন। এটাই বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী। ৩৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩ জনকে নিয়োগ দেয়ার লক্ষ্যে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।
 
ফলাফলের ফাইলটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
 
ইত্তেফাক/এমএএস