ডিএসইর মূল্য সূচক ছয় মাসের মধ্যে সর্বোচ্চ

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৮:৫৩
 
পুঁজিবাজারে গত কয়েকদিন ধরে ঊর্ধ্বমূখী প্রবণতা দেখা যাচ্ছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। এনিয়ে টানা পাঁচ কর্মদিবস বেড়েছে ডিএসইর সূচক। এতে ডিএসইর সার্বিক মূল্য সূচক ৪ হাজার ৫৯৫ পয়েন্টে উঠে এসেছে। যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।
 
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ বাজারে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল আর্থিক খাতের কোম্পানিগুলো ঘিরে। এরমধ্যে ব্যাংকের শেয়ারেই বেশি আগ্রহ দেখা গেছে। এজন্য এ খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। ব্যাংকের শেয়ারের গড় দাম বেড়েছে শূন্য দশমিক ৭০ শতাংশ। ব্যাংকিং খাতে তালিকাভুক্ত ৩০টি কোম্পানির মধ্যে আজ শেয়ারদর বেড়েছে ১৮টির। আর কমেছে পাঁচটির। অবশিষ্ট ব্যাংকের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। এছাড়া সাধারণ বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে শূন্য দশমিক ৭০ শতাংশ। বস্ত্র খাতের কোম্পানিগুলোর শেয়ারের গড় দাম বেড়েছে ১ শতাংশ। তবে এ খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। কিন্তু মডার্ন ডায়িং, স্টাইল ক্রাফট এবং রহিম টেক্সটাইলের শেয়ারের দাম বেশি বাড়ায় এ খাতের গড় দাম বৃদ্ধি সর্বোচ্চে উঠে এসেছে।
 
এদিকে বুধবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯৫ পয়েন্টে। এর আগে মঙ্গলবার ৯ দশমিক ১৭ পয়েন্ট, রবিবার ২ দশমিক ৭২ পয়েন্ট, বৃহস্পতিবার ৫ দশমিক ৭ পয়েন্ট ও বুধবার ১ দশমিক ৬০ পয়েন্ট বেড়েছিল। গতকাল ডিএসইতে ৫০৩ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগেরদিন ছিল ৪২৫ কোটি ৪৮ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল টিউবসের  শেয়ার। কোম্পানিটির ১৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার ১৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে ছিল এপেক্স ট্যানারী। এরপর লেনদেনে ছিল আমান ফিড, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইবনে সিনা, এসিআই ফরমুলেশন, বেক্সিমকো ফার্মা, সিঙ্গার বিডি, আইপিডিসি। এদিকে বুধবার সিএসই’র সিএসসিএক্স মূল্যসূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫৯৭ পয়েন্টে।

ইত্তেফাক/এএম।