আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য নাম। খুনিচক্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও তার স্বপ্ন ও দর্শনকে ধ্বংস করতে পারেনি।
বুধবার আদাবরে ৩০ ও ১০০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের চলমান উন্নয়ন, অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাকে বাধাগ্রস্থ করতে দেশ-বিদেশের ষড়যন্ত্রকারীরা জঙ্গি ও সন্ত্রাসবাদের কালোথাবা বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, জাতির ট্রাজেডি ১৫ ও ২১ আগস্টের মাস্টারমাইন্ডদের ব্যাপারে সদাসতর্ক থাকতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্ম ও দর্শনের আলোকে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। তিনি দলীয় নেতা-কর্মীসহ দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করে ১৫ আগস্টের ষড়যন্ত্রের বদলা নেয়ার আহ্বান জানান। স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইয়াছিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদাবর থানা আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, কাদের পাটোয়ারী, শাহ্্ আলম রানা, যুবলীগ নেতা আরিফুর রহমান তুহিন, মো. আব্দুল লতিফ।
ইত্তেফাক/এএম।
