রিও অলিম্পিক মিশন শেষ করে আজ ঢাকায় ফিরেছেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। দেশে ফিরেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন সিদ্দিকুর।
পারফরম্যান্সে জ্বলে উঠতে না পারার বিষয়টি নিজেই স্বীকার করে নিয়েছেন তিনি। সিদ্দিকুর লিখেছেন, ঠিক মতো আমি জন্মভূমিতে ফিরতে পেরেছি। আমি জানি, আপনাদের সবাইকে হতাশ করেছি। কিন্তু আমি নিজের সেরাটাই দিতে চেষ্টা করেছি। যদিও এই অভিজ্ঞতা আমার জীবনের অবিশ্বাস্য একটি বিষয়। যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। অলিম্পিকে অংশ নেয়া আমার জীবনের সেরা আশীর্বাদ এবং প্রেরণার অংশ। আমি মনে করি এখানে যে অভিজ্ঞতা অর্জন করেছি তাতে আমি নিজের গলফ ক্যারিয়ার আরও সমৃদ্ধ করতে পারবো। সমর্থন করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
সরাসরি অলিম্পিকে কোয়ালিফাই করার যোগ্যতা অর্জন করা সিদ্দিকুর রিওতে সেভাবে জ্বলে উঠতে পারেননি। প্রতিযোগিতায় ৬০ জন গলফারের মাঝে চাইনিজ তাইপির লিন ইউয়েন তাঙ নাম প্রত্যাহার করে নিলে ৫৯ জনের মধ্যে ৫৮তম অবস্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সিদ্দিকুরকে। সিদ্দিকুরের পরবর্তী মিশন ১ সেপ্টেম্বর শুরু হওয়া ওমেগা মাস্টার্স।
