ফিরছেন সমহিমায়

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১০:০০
 
২০১৪ সালের ঈদুল ফিতরে সারিকাকে সর্বশেষ ‘ব্যাকডেটেড’ টেলিফিল্মে অভিনয় করতে দেখা যায়। এরপর মাঝে কিছুটা বিরতি নিলেন তিনি। গেল ১৪ আগস্ট থেকে আবারও বিরতি শেষে তার অভিনয়ে ফেরা। বিস্তারিত জানাচ্ছেন অভি মঈনুদ্দীন।
 
সারিকা অভিনয়ে ফিরেছেন এক বৃষ্টিস্নাত সকালে। বলছি ১৪ আগস্টের কথা। সকাল থেকেই রাজধানীর আকাশে বৃষ্টি। ভেবেছিলাম হয়তো শুটিং হবে না। কারণ সারিকার শুটিং হবে রাজধানীর কাওলা কলোনিতে। কিন্তু হালকা বৃষ্টির মধ্যদিয়েই সারিকার উপস্থিতিতে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ শুরু করলেন সারিকাকে নিয়ে তার প্রথম কাজ নাটক ‘আমি তুমি’। এটি রচনা করেছেন রাজ নিজেই। ক্যামেরায় ছিলেন চন্দন চৌধুরী। পুরো ইউনিটের আন্তরিকতায় শুরুতেই মুগ্ধ ছিলেন সারিকা। তারপর একটু একটু একটু করে সময় যত শেষের দিকে গড়ায় বৃষ্টি যেন সারিকাকে বিদায় জানিয়ে কাজের পরিবেশ তৈরি করে দিয়ে আকাশে উড়ে যায়। একটি সমসাময়িক গল্প নিয়ে আসছে ঈদে এশিয়ান টিভিতে প্রচারের লক্ষ্যে নির্মিত হয়েছে সারিকার প্রত্যাবর্তনের নাটক ‘আমি তুমি’। এ নাটকে সারিকা অভিনয় করেছেন অনুপমা চরিত্রে। আরও বহু চরিত্রে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন সারিকা। কিন্তু শেষমেশ অনুপমা হয়েই তিনি কাজে ফিরলেন। কেমন লাগল প্রথম প্রত্যাবর্তনের কাজ? জবাবে সারিকা বলেন, ‘কিছুটা নার্ভাস ছিলাম, এটা সত্য। কারণ বেশ কয়েকবছর অভিনয় থেকে দূরে ছিলাম। কিন্তু যেহেতু মনেপ্রাণে আমি একজন অভিনেত্রী তাই খুব বেশি সময় লাগেনি তা কাটিয়ে উঠতে। তাছাড়া রাজ ভাইয়ার সঙ্গে এটা আমার প্রথম কাজ। তিনিও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন, উত্সাহ দিয়েছেন। তার নির্দেশনায় কাজ করে ভালো লেগেছে।’ তাহলে এখন থেকে অভিনয়ে নিয়মিত হচ্ছেন আপনি? ‘নিয়মিত হবো কী না তা এখনই নিশ্চিত বলতে পারছি না। তবে এতটুকু বলতে পারি গল্প ভালো হলে এবং আমার চরিত্র যথাযথ হলে কাজ করব। সে ক্ষেত্রে নির্মাতাও ভালো হওয়াটা জরুরি,’ বললেন সারিকা।
 
এদিকে আসছে ঈদ উপলক্ষে সারিকা আরও অভিনয় করবেন জাহিদ হাসান, রেদওয়ান রনি ও বি ইউ শুভর নির্দেশনায় আরও ভিন্ন তিনটি নাটক-টেলিফিল্মে। তবে এরপর পাশাপাশি আরও দু’তিনজন পরিচালকের সঙ্গে কথা হচ্ছে তার। শিগগিরই সেসব নির্মাতাদের চূড়ান্ত সিডিউল দিবেন তিনি। এদিকে সারিকার অভিনয়ে ফেরাটাকে অনেক নির্মাতা এবং তার সহশিল্পীরা স্বাগত জানিয়েছেন। সত্যিকারের অভিনয়শিল্পীর এখন বড়ই অভাব। আর এমন সময়ে সারিকার প্রত্যাবর্তনটা মিডিয়ার জন্য অনেক ইতিবাচক বলেও তারা অভিমত প্রকাশ করেছেন। এদিকে গেল ঈদে সারিকা তানিয়া আহমেদের নির্দেশনায় একটি ঈদ বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মূলত তখন থেকেই নির্মাতাদের আগ্রহ বেড়ে যায় সারিকাকে নিয়ে কাজ করার। দীর্ঘ অভিনয়জীবনে বহু নাটক-টেলিফিল্মে সারিকা অভিনয় করলেও তার একমাত্র অভিনীত ধারাবাহিক নাটক ছিল হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত ‘রুমালি’। এরপর তাকে আর কোনো ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি। অবশ্য এরপর সারিকা ধারাবাহিকে অভিনয়ের আগ্রহও প্রকাশ করেননি। তবে আগ্রহ আছে সিনেমায় অভিনয় করার। তবে সে ব্যাপারে পরিবারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানান সারিকা।
 

 

 

 

ছবি চিন্ময় দাস