গত শুক্রবার সারাদেশের ১০১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘নিয়তি’। এর আগে এটি পশ্চিমবঙ্গে মুক্তি পেলেও এই দেশে এবারই প্রথম মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন জাকির হোসেন রাজু। বিস্তারিত জানাচ্ছেন উত্তম কুমার।
‘নিয়তি’, চিত্রনায়ক আরিফিন শুভর ভাগ্য বদলের সিনেমা। ঢাকাই চলচ্চিত্রে আরিফিন শুভর যে অবস্থান তাকে আরও দৃঢ় করতে দর্শকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা ‘নিয়তি’। আর এতে একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে নিজের অভিনয় প্রতিভার আবারও প্রমাণ রেখেছেন আরিফিন শুভ। গেল শুক্রবার দেশের ১০১টি সিনেমা হলে মুক্তি পায় আরিফিন শুভ অভিনীত এবং তারই প্রিয় পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা ‘নিয়তি’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এবং এই প্রযোজনা সংস্থারই কর্ণধার আব্দুল আজিজের গল্প নিয়ে নির্মিত ‘নিয়তি’ সিনেমা এর আগে গত ১০ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পেলেও বাংলাদেশে এবারই প্রথম মুক্তি পেল। আর নিজের সিনেমা মুক্তির কারণেই আরিফিন শুভ সিনেমা মুক্তির আগে টানা দশদিন ছুটি কাটিয়েছেন। এই সময়ে তিনি দেশের প্রায় প্রত্যেকটি টিভি চ্যানেলে, রেডিও চ্যানেলে উপস্থিত হয়ে ‘নিয়তি’ দর্শকের কেন দেখা উচিত এই প্রসঙ্গসহ আরও নানা বিষয়ে যেমন কথা বলেছেন, ঠিক তেমনি বিভিন্ন জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালেও গিয়ে উপস্থিত হয়েছেন। কথা বলেছেন এবং ছবি তুলেছেন। যে কারণে বিগত দশদিন আরিফিন শুভ ছিলেন ভীষণ ব্যস্ত।
প্রশ্ন রাখি ‘নিয়তি’ কেন দর্শকের দেখা উচিত। একটু ভেবেই জবাব দিলেন এই সময়ের আলোচিত এই নায়ক। শুভ বলেন, ‘এটা আমি অবগত যে, এখন যে সকল সিনেমা হচ্ছে তার গল্প কী তা আমি জানি। এতটুকু বলতে পারি যে আমাদের ‘নিয়তি’র গল্প আলাদা, একটু অন্যরকম। প্রথমত একটি অন্যরকম গল্পের কারণে সিনেমাটি দেখা উচিত। দ্বিতীয়ত জাকির হোসেন রাজু স্যার একজন গুণী নির্মাতা, তার কারণেও সিনেমাটি দেখা উচিত। তৃতীয়ত আমরা যারা সিনেমাতে অভিনয় করেছি চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে অভিনয় করতে, সে কারণেও সিনেমাটি দেখা উচিত। আমার বিশ্বাস যারা সিনেমাটি দেখবেন তারা সন্তুষ্ট হবেন।’ হয়েছেও ঠিক তাই।
যারাই ‘নিয়তি’ একবার দেখেছেন তারাই হল থেকে বেরিয়ে এসে বিশেষত আরিফিন শুভর অভিনয়ের প্রশংসা করেছেন। ‘নিয়তি’ই দর্শকের কাছে আরিফিন শুভকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। আর তাই সিনেমাপাড়ায় নতুন করে এখন তাকে নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা। গত শুক্রবার রাতের ফ্লাইটেই তিনি উড়াল দিয়েছেন শুভ ব্যাংককে। সেখানে টানা তিনদিন জাকির হোসেন রাজুর ‘প্রেমী ও প্রেমী’ সিনেমার গানের শুটিং শেষে আবার দেশে ফিরে আবারও ‘নিয়তি’র প্রচারে মাঠে নামেন। এরপর আবার ‘প্রেমী ও প্রেমী’র শুটিং শেষ করতে ভারত যাবেন। আর এরপর কিছুদিন বিরতি শেষে আবারও তিনি জাকির হোসেন রাজুরই নির্দেশনায় ‘ভালো থেকো’ সিনেমার কাজ শুরু করবেন।
‘নিয়তি’ সিনেমায় আরিফিন শুভর অভিনয় নিয়ে জাকির হোসেন রাজু বলেন, ‘শুভ অসাধারণ অভিনয় করেছেন। দর্শকে তার সেই অসাধারণত্বে খুশি হয়েছেন। নির্মাতা হিসেবেই এখানেই আমার সফলতা।’
ইত্তেফাক/এএসএস
ছবি মোহসীন আহমেদ কাওছার
