‌‘বিশ্বের যেকোনো দেশ থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী’

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৭:৪৮
 
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল গ্রহণ করে তিনি একথা বলেন।
 
শেখ হাসিনা বলেন, আমি বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি। আমি দেখেছি বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীদের চেয়ে আমাদের দেশের শিক্ষার্থীরা মেধাবী। আমাদের ছেলে-মেয়েদের এই মেধাকে আরো বিকশিত করার জন্য আমরা নানা পদক্ষেপ নিয়েছে। 
 
এইচএসসি ও সমমানে কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, পাসের হাসের দিক থেকে মেয়েরা এগিয়ে যাচ্ছে। কিন্তু ছেলেদের পেছনে থাকলে চলবে না। তাদেরও এগিয়ে যেতে হবে। পড়াশুনায় ছেলেদের আরেকটু মনোযোগী হতে হবে। ছেলে-মেয়েদের আমি সমানে সমান দেখতে চাই। 
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি বলে শিক্ষা-দীক্ষায় এগিয়ে যেতে পেরেছি। আমাদের ছেলে-মেয়েরা মেধা-মনন বিকাশের সুযোগ পাচ্ছে। 
 
শেখ হাসিনা বলেন, শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নত হতে পারে না এটি জাতির জনক জানতেন। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ার সাথে সাথে শিক্ষার প্রতি তিনি গুরুত্ব দিয়েছিলেন। প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করে দিয়েছেন। ছেলে-মেয়েরা যাতে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা গ্রহণ করতে পারে সেটি তিনি চাইতেন। 
 
ইত্তেফাক/এএসএস