আশিয়ান সিটি প্রকল্প

রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৪:৩০
 
রাজধানীর উত্তরায় অবস্থিত আশিয়ান সিটি প্রকল্প অবৈধ ঘোষণার রায় পুনবির্বেচনা চেয়ে করা রিভিউ আবেদন মঞ্জুরের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রিটকারী সংগঠনগুলো।
 
আজ বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার আদালতে কার্যতালিকায় এটি শুনানির জন্য রয়েছে। আবেদনের রায় স্থগিতের পাশাপাশি আশিয়ান সিটি এই প্রকল্পে কোনো কার্যক্রম পরিচালনা করতে যেন না পারে- সেই বিষয়েও আদালতে নির্দেশনা চাওয়া হয়েছে।
 
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আইনজীবী সাঈদ আহমেদ কবির সাংবাদিকদের এ তথ্য জানান। 
 
আশিয়ান সিটি কর্তৃপক্ষের করা এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক, বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী রেজা-উল হকের বৃহত্তর বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রায় দেন। এই রায়ের ফলে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে হাজী ক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটি প্রকল্প এখন বৈধ হিসেবে ঘোষিত হলো বলে জানান আশিয়ান সিটির আইনজীবীরা। 
 
২০০৬ সালে উত্তরার উত্তরখান ও দক্ষিখান এলাকায় আশিয়ান সিটি প্রকল্পের কাজ শুরু হয়। ২০১২ সালের ডিসেম্বর মাসে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেই এই অভিযোগে এই প্রকল্পের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ, নিজেরা করি ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। হাইকোর্ট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করে। 
 
ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১৩ সালে হাইকোর্ট আশিয়ান সিটির ওই প্রকল্পের কার্যক্রম অবৈধ ঘোষণা করে রায় দেয়। ওই রায় পুনবির্বেচনা চেয়ে হাইকোর্টের ওই বৃহত্তর বেঞ্চে রিভিউ আবেদন দাখিল করেন আশিয়ান সিটি কর্তৃপক্ষ। আবেদনের পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান এবং রিট আবেদনকারী পক্ষে ব্যারিস্টার ফিদা এম কামাল ও মিনহাজুল হক চৌধুরী শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট আগের রায় বাতিল করে রিভিউ আবেদন মঞ্জুর করে। 
 
 
 
ইত্তেফাক/কেকে