নওগাঁর আত্রাই উপজেলায় ভিমরুলের কামড়ে সাদিক হোসেন (৮) নামে এক শিশু মারা গেছে। ভিমরুলের কামড়ে আসুস্থ হয়েছে শিশুসহ আরো চারজন। সাদিক হোসেন উপজেলার বাঁকা গ্রামের মো. খোরশেদের ছেলে।
অসুস্থরা হলো, একই গ্রামের প্রতিবেশী জসিম উদ্দিনের মেয়ে জেসমিন (৮), এলাহীর মেয়ে ইলমা (৬), জাকির হোসেনের স্ত্রী মৌসুমী হোসেন (২৮) এবং ওহিদুর রহমান (৩৫)।
স্থানীয়রা জানায়, মো. খোরশেদের বাড়ির পাশে একটি তাল গাছে ভিমরুলের বাসা ছিল। বুধবার সন্ধ্যায় বাড়ির উঠানে খেলা শেষে সাদিক হোসেন, জেসমিন ও ইলমা সেই তাল গাছের নিচ দিয়ে বাড়ি আসছিল। হঠাৎ বেশ কয়েকটি ভিমরুল বাসা থেকে উড়ে ওই শিশুদের কামড় দেয়। এদের চিৎকারে প্রতিবেশীরা উদ্ধারে এগিয়ে আসলে মৌসুমী হোসেন ও ওহিদুর রহমানও ভিমরুলের কামড়ে অসুস্থ হয়ে যান। তাৎক্ষণিক তিন শিশুসহ পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থান অবনতি হলে শিশু সাদিককে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুদ্দোজা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
