উন্নত বিচারব্যবস্থা গড়ে তুলতে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি ও আইনজীবীদের স্মরণে ফুল কোর্ট রেফারেন্সে তিনি একথা বলেন।
এই ফুলকোর্ট রেফারেন্সে সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান ও বিচারপতি মোস্তফা কামালসহ ৯ জন বিচারপতি এবং সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম সহ ৪৯ জন আইনজীবীকে স্মরণ করা হয়।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাদের কর্মময় জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে তাদের জীবন বৃত্তান্ত পাঠ করেন। প্রধান বিচারপতি বলেন, আজ তাদের স্মৃতিকে স্মরণ করতে এবং তাদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করতে আমরা দেশের সর্বোচ্চ আদালতের পবিত্র কক্ষে সমবেত হয়েছি। তারা আমাদের মধ্যে না থাকলেও তাদের আদর্শ, নৈতিকতা, মানুষের সেবায় কাজ করার একনিষ্ঠ প্রতিজ্ঞা এবং সর্বোপরি কর্মময় জীবনের দীপ্ত প্রভা রয়ে গেছে সুপ্রিম কোর্টে। তাদের সাফল্যের উদাহরণ আমাদের জন্য প্রেরণা। তাদের দেশাত্মবোধ আমাদের স্বদেশপ্রেমের জিয়নকাঠি।
প্রধান বিচারপতি বলেন, যার চলে গেছেন তাদের জীবনাদর্শে উদ্বুদ্ধ হয়ে উন্নত দেশ,জাতি ও উন্নত বিচারব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রধান বিচারপতির এজলাসে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। এতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা অংশ নেন। প্রয়াত বিচারপতি ও আইনজীবীদের স্মরণ করে প্রধান বিচারপতি বলেন, প্রিয়জন হারানোর বেদনা অত্যন্ত কষ্টের। পরিবার-পরিজনের কষ্টেরও সীমা-পরিসীমা থাকে না। এই কষ্ট ও শোক কাটিয়ে উঠতে হবে।
ইত্তেফাক/এসএসএ
