বাবার নামে মায়ের মামলা, ভিসা সঙ্কটে শিশু

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৭:০৩
মাত্র দশ মাসের একরত্তি শিশুর কলকাতায় থাকাটা এখন বেআইনি হয়ে গিয়েছে।
 
শিশুটির নাম অ্যাডাম হোসেন। অ্যাডামের বাবা হোসেন মহম্মদ ফাঙ্গরি আব্বাস মিশরের নাগরিক। কাজের সূত্রে কুয়েতে থাকেন। কাজের সূত্রেই বছর কয়েক আগে দুবাইয়ে গিয়েছিলেন। সেই সময় তালতলার বাসিন্দা সাবরিনা দুবাইয়ে বেড়াতে যান। সেখানে দু’জনের আলাপ এবং শেষমেশ ২০১৩-তে বিয়ে। হোসেন ও সাবরিনা বিয়ের পর কুয়েতে সংসার পেতেছিলেন। সেখানেই গত অক্টোবরে জন্ম হয় অ্যাডামের। পরে স্বামীর সঙ্গে বনিবনা না-হওয়ায় সাবরিনা এ বছর এপ্রিলে কলকাতায় চলে আসেন। তবে খাতায়-কলমে তাঁদের বিবাহ-বিচ্ছেদ হয়নি বলে হোসেনের দাবি।
 
কলকাতা শিশু কল্যাণ সমিতি সূত্রের খবর, অ্যাডাম গত ২৪ জুন বাবার কোলে চড়ে কলকাতায় মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল। ভিসার মেয়াদ অনুযায়ী ২৬ জুনের পর আর অ্যাডামের ভারতে থাকার কথা নয়। কিন্তু ইতিমধ্যে তার বাবার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন অ্যাডামের মা।
 
সাবরিনার অভিযোগ, হোসেন তাঁকে মারধর করেছেন। হোসেনকে গ্রেফতার করেছিল পুলিশ। বর্তমানে তিনি জামিনে মুক্ত। বন্ধুর বাড়িতে রয়েছেন। কিন্তু বিচারাধীন হওয়ায় কুয়েতে ফিরতে পারছেন না। হোসেনের ভিসার মেয়াদ এখনও ফুরোয়নি। ফুরিয়েছে অ্যাডামের। ফলে আইনি গেরোয় জড়িয়ে গিয়েছে দশ মাসের একরত্তি শিশুর ভাগ্য। আনন্দবাজার পত্রিকা।
 

ইত্তেফাক/এএন