চুয়াডাঙ্গায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ২০:১৮
চুয়াডাঙ্গায় ওয়েল্ডিং কারখানা শ্রমিক মিলন হত্যা মামলায় একমাত্র আসামি শিবলুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার  আদেশ দিয়েছে আদালত।
 
বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ শিরীন কবিতা আখতার আসামির উপস্থিতিতে এ আদেশ প্রদান করেন। আদেশের পর আসামিকে কারাগারে পাঠানো হয়।  শিবলু চুয়াডাঙ্গা শহরের মসজিদ পাড়ার কুদ্দুস আলীর ছেলে।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা শহরের  পৌর কলেজপাড়ার শরীফ উদ্দীনের ছেলে ওয়েলডিং কারখানার শ্রমিক মিলনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহতের বাবা দুর্বৃত্তদের আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে শিবলুকে গ্রেফতার করলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা  এসআই আব্দুল কাইয়ুম ২০১৪ সালের ২৭ জানুয়ারি  আসামি শিবলুর নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  সাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত  এ রায় দেয়।
 
 
ইত্তেফাক/ইউবি