বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হওয়ার কারণ খুঁজতে বলেছে সংসদীয় কমিটি

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ২১:০৭
 
সৌদিআরব, সংযুক্ত আরব-আমিরাত ও কুয়েতসহ বহির্বিশ্বে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হওয়ার কারণ খুঁজে বের করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এসব দেশে শ্রমবাজার সম্প্রসারণে করণীয় নির্ধারণের জন্যও কমিটি পরামর্শ দিয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব পরামর্শ দেয়া হয়।
 
মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া বহির্ভূত দেশেসমূহে, বিশেষ করে- ইতালি, রোমানিয়া, জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশে জনশক্তি প্রেরণের কর্মপরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। দেশের জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে দেশব্যাপী স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমকে অধিকতর গতিশীল করতে বছরভিত্তিক প্রশিক্ষিত জনসম্পদ গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং ওই জনসম্পদকে স্বল্প সময়ের মধ্যে বহির্বিশ্বে পাঠানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
 
বিদেশে শ্রমবাজার আরও সম্প্রসারণে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা এবং অধিক হারে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব নিরসনের লক্ষ্যে শ্রমিক গ্রহণকারী দেশসমূহের সাথে দ্বি-পক্ষীয় আলোচনার পরামর্শও দিয়েছে সংসদীয় কমিটি। গতকালের বৈঠকে প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান পদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে পদাধিকার বলে নিয়োগের জন্য কমিটি সুপারিশ করেছে। এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখাগুলোকে ভালোভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল পদায়নেরও সুপারিশ করা হয়।
 
কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য- শাহাব উদ্দিন, মন্নুজান সুফিয়ান, মাহমুদ উস সামাদ চৌধুরী ও মাহফুজুর রহমান অংশ নেন। বিশেষ আমন্ত্রণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বৈঠকে যোগ দেন।
ইত্তেফাক/এএম।