ঈদে কোরবানির পশুর বর্জ্য অপসারণে পদক্ষেপ গ্রহণ

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ২১:১০
সরকার মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব আসন্ন ঈদুল আজহার সময় কোরবানির পশুর বর্জ্য সঠিকভাবে অপসারণের জন্য কতিপয় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেছে।
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক মো. আব্দুল হালিম জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশ বিবেচনায় রেখে ঈদুল আজহার সময় কোরবানি পশুর বর্জ্যের বিষয়ে বিকল্প ব্যবস্থাপনা প্রবর্তন করবে।
 
সরকার নির্বাচিত স্থানীয় প্রতিনিধিদের জড়িত করে পশু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে গণসচেতনতা সৃষ্টিমূলক প্রচারণা চালানো, ঢাকা ও এর আশপাশে পশু জবাই কেন্দ্র স্থাপন। এই প্রক্রিয়ায় ইমাম ও অন্যান্য ইসলামি চিন্তাবিদদের জড়িত করা, পরিবেশ সহায়ক উপায়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ে দেশব্যাপী লিফলেট বিতরণসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে
 
বাংলাদেশ টেলিভিশন, সকল প্রাইভেট টিভি চ্যানেল ও বাংলাদেশ বেতার এবং অন্যান্য রেডিও স্টেশন বর্জ্য অপসারণ নিয়ে বিভিন্ন প্রামাণ্য চিত্র ও বিশেষ বুলেটিন সম্প্রচার করবে। তাছাড়া বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালের এ বিষয়ে খবর প্রকাশের ওপর জোর দেয়া হয় বৈঠকে।
 
এর আগে ডিজি'র সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ৩০ জন প্রতিনিধির সঙ্গে জিআইউ বৈঠক করেছে। বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রচারণার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সকল সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের সম্ভাব্য কাজ বিশেষ করে নগরীর দূষণ হ্রাসে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভূমিকা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
 
বৈঠক সূত্রে জানা যায়, ঈদুল আজহার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা ৫৬৭টি পয়েন্টে পশু কোরবানি করতে পারবেন। তাছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দাদের জন্য ৫০৮টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। খবর-বাসস।
 
ইত্তেফাক/এসএস